অঙ্গিরস্
বঙ্গীয় শব্দকোষ
পুং [ উ ৪.২৩৬; ছান্দস ]
১ বৈদিক ঋষিবিশেষ।
২ অগ্নি।
৩ [ বহুব্রী ] অঙ্গিরার গোত্রাপত্যগণ।
৪ অথর্ব্ববেদের মন্ত্রসমূহ।
৫ অথর্ব্বমন্ত্রবিৎ ঋত্বিগ্গণ।
[ ইনি ঋগ্বেদের ঋষি। অৰ্চিষি ভৃগুঃ সম্বভূব...অঙ্গারেম্বঙ্গিরাঃ (নিরুক্ত)—প্রজাপতি আত্মশুক্র অগ্নিতে নিক্ষেপ করিলে, অগ্নিজ্বালা হইতে ভৃগু এবং জ্বালাহীন অঙ্গার হইতে অঙ্গিরাঃ উৎপন্ন হন। মতান্তরে—(১) অগ্নিতে নিক্ষিপ্ত ব্রহ্মার ক্ষরিত শুক্র হইতে অঙ্গিরার জন্ম হয়। (মৎস্যপুরাণ ১৯৫.৮.৯)। (২) অঙ্গিরা অগ্নির পুত্র ও বৃহস্পতির পিতা (মহা ৩.২১৯তম অধ্যায়)। (৩) অঙ্গিরা দশ প্রজাপতির একতম; কঠোর তপস্যায় ব্রহ্মা ইঁহার সৃষ্টি করেন (মনু ১.৩৫), হবিষ্মন্ত ইঁহার সন্তানগণ (মনু ৩.১৯৮)। (৪) অঙ্গিরা ব্রহ্মার মুখ হইতে নির্গত হন; ইনি ব্রহ্মার দশ পুত্রের একতম; কদ্দমসুতা শ্রদ্ধা ইঁহার পত্নী, উতথ্য ইঁহার পুত্র এবং সিনিবালী রাকা কুহূ অনুমতি ইঁহার কন্যা (ভা ৩.১২.২৪; ৪.১.৩৩.৩৪)। ইনি মনুপ্রভৃতি সংহিতাকারের অন্যতম; অঙ্গিরঃ-সংহিতা ইঁহার স্মৃতি। ইনি জ্যোতিষগ্রন্থেরও প্রণেতা। ইঁহার গোত্র, কেবলাঙ্গিরস গৌতমাঙ্গিরস ও ভরদ্বাজাঙ্গিরস —এই প্রধান তিন শাখায় বিভক্ত। ]
[ অগ্নি তপস্যায় নিরত হইলে, অঙ্গিরাই অগ্নি হইয়াছিলেন (মহা ৩.২১৬তম অধ্যায়)। ]